মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকা এবং বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ। বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে সরকারি ওষুধ। ’
হাসপাতালের এসব অনিয়ম দেখে ঘটনাস্থলেই সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে মন্ত্রী জানান, কিছুদিনের মধ্যেই এর টেন্ডার প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




