শিরোনাম

Space for ads

সাড়ে ৪ হাজার পদ শূন্য নিয়ে চলছে স্বাস্থ্য বিভাগ

 প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন   |   স্বাস্থ্য মন্ত্রনালয়

সাড়ে ৪ হাজার পদ শূন্য নিয়ে চলছে স্বাস্থ্য বিভাগ
Space for ads

 

সরকারের প্রাধন্যের খাতগুলোর মধ্যে অন্যতম প্রধান খাত স্বাস্থ্য। কিন্তু রংপুর এ ক্ষেত্রে পুরোটাই উল্টো। বিভাগের ৮ জেলায় সাড়ে ৪ হাজারের বেশি পদ শূন্য, যা মোট পদের তিন ভাগের এক ভাগ। খোদ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদটি তিন মাস থেকে খালি। ফলে ‘অবহেলিত’ রংপুরের মানুষের স্বাস্থ্যসেবা হোঁচট খাচ্ছে। দিনের পর দিন এ অবস্থা চলে আসছে। বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে ৫৮টি উপজেলা হাসপাতাল রয়েছে। এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল বাদে সৈয়দপুরসহ ৮টি জেলা হাসপাতাল রয়েছে। কমিউনিটি ক্লিনিক রয়েছে ১ হাজার ৮৮১টি। এ ছাড়া জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বেশ কিছু সাবস্টেশন রয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্রে জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদ রয়েছে ১২ হাজার ৯৫২টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ৮ হাজার ২৫৮ জন। পদ খালি রয়েছে ৪ হাজার ৬৯৪টি। শূন্যপদের কারণে চিকিৎসা সেবা শূন্য হতে বসেছে। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে জনবল ও যন্ত্রপাতি সংকটে চিকিৎসা মারাত্মক সেবা ব্যাহত হচ্ছে। এক হাজার শয্যার এ হাসপাতালে ৩০০ বেশি জনবল ঘাটতি রয়েছে। এ ছাড়া আড়াইশর বেশি যন্ত্রপাতি নষ্ট থাকার কারণে রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষানিরীক্ষা বাইরে থেকে করতে হচ্ছে। ফলে অর্থ ও সময় ব্যয় হচ্ছে। এ অবস্থা বছরের পর বছর চলে আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রমেক হাসপাতালে সার্জারি ওয়ার্ডে কথা হয় একজন রোগীর স্বজন সাজু মিয়ার সঙ্গে। তিনি বলেন, প্রায় প্রতিটি পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে। এ ছাড়া ওষুধ সরবরাহ নেই। রোগী নিয়ে বেকায়দায় রয়েছি।

গত সপ্তাহে রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ সরকারি জনবল তালিকা অনুযায়ী, ১৮৫টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ১৩৫ জন। ফলে ৫০টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স), কার্ডিওলজি ও চক্ষু, মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি ও ল্যাব), ডেন্টাল সার্জন, ফার্মাসিস্ট এবং স্বাস্থ্য সহকারীসহ একাধিক গুরুত্বপূর্ণ পদশূন্য রয়েছে। বিশেষ করে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) না থাকায় দীর্ঘদিন ধরে এক্স-রে সেবা পাচ্ছে না রোগী। একইভাবে ডেন্টাল সার্জনের পদ শূন্য থাকায় নিয়মিত দন্ত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। রোগীর স্বজন আসাদুজ্জামান আসাদসহ স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল না থাকায় বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা না পেয়ে রোগীদের জেলা শহর কিংবা বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে।

অপরদিকে রংপুর বিভাগের ৮ জেলার প্রায় পৌনে ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবাসহ স্বাস্থ্যবিষয়ক সবকিছু দেখাশোনা করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। গুরুত্বপূর্ণ এ পদটি গত তিন মাস থেকে শূন্য। ফলে বিভিন্ন দাপ্তরিক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গাউসুল আজম প্রায় তিন মাস আগে অবসরে যান। তখন থেকে এ পদটি খালি। পরিচালকের পদটি খালি থাকায় বিভিন্ন দাপ্তরিক ও পরিদর্শন কাজ ব্যাহত হচ্ছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, জনবলের চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনবল নিয়োগ দেওয়া মন্ত্রণালয়ের কাজ। তার মন্তব্য জনগণের স্বাস্থ্যসেবা ঠিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
BBS cable ad

স্বাস্থ্য মন্ত্রনালয় এর আরও খবর: