সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত আরও ১৯ চিকিৎসকের পদায়ন
সোমবার (২০ জুলাই) সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আরও ১৯ জন চিকিৎসককে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও বিশেষায়িত স্বাস্থ্য প্রতিষ্ঠানে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার (১৯ জুলাই) জারি করা পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের নিজ নিজ বিষয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও বিশেষায়িত প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পেডিয়াট্রিক্স, গাইনি অ্যান্ড অবস, মেডিসিন, সার্জারি, অ্যানেসথেসিওলজি, কার্ডিওলজি, ব্লাড ট্রান্সফিউশন, স্পাইন সার্জারি, চর্ম ও যৌন এবং রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিষয়ের চিকিৎসকরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে পরবর্তী কর্মদিবস থেকে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
এছাড়া বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে ‘মুভ আউট’ এবং নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদায়ন কার্যকর করা হয়েছে।




