বিএমইউর ১হাজার ৩৯ কোটি টাকার বাজেট, অগ্রাধিকার ক্যান্সার সেবা ও গবেষণায়
শনিবার (২৭ জুন) সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বাজেটে ক্যান্সার চিকিৎসা, বিনামূল্যে ওষুধ, আধুনিক স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেটের বিস্তারিত তুলে ধরা হয়। এর আগে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০তম সিন্ডিকেট সভায় বাজেট অনুমোদন করা হয়।
ঘোষিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১৬৩ কোটি টাকা ধরা হয়েছে। বাজেটে ১০৫ কোটি ৪৬ লাখ ১৯ হাজার টাকার ঘাটতি রয়েছে, যা সংশোধিত বাজেটে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এ লক্ষ্য সামনে রেখে ব্যয় নিয়ন্ত্রণ নীতির মাধ্যমে বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে ডিজিটাল ক্লাসরুম, ই-লার্নিং, গবেষণা অনুদান, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) এবং বিনামূল্যে ওষুধ বিতরণে বাড়তি বরাদ্দ রাখা হয়েছে।
পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন জানান, বাজেটে বিনামূল্যে ওষুধের জন্য ২০ কোটি টাকা, চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে ৯০ কোটি টাকা, ক্যান্সার চিকিৎসায় লিনিয়ার এক্সিলেটর স্থাপন ও চালুর জন্য ৭৬ কোটি টাকা, গবেষণায় ২৮ কোটি ৫ লাখ টাকা, ইএমআরের জন্য ৭ কোটি টাকা, আইসিটি খাতে ৫ কোটি টাকা, প্রশিক্ষণে ২ কোটি ১০ লাখ টাকা, রোগীদের পুষ্টিকর খাদ্যে ১৮ কোটি টাকা এবং শিক্ষার্থীদের বৃত্তির জন্য ২২৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন বাজেটে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন সেন্টার, লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, স্টেম সেল ও গবেষণা কেন্দ্র, ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির দ্বিতীয় পর্যায় এবং শিক্ষার্থীদের জন্য বহুতল আবাসিক হল নির্মাণের প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।




