আদ্-দ্বীনের পাশে গণস্বাস্থ্য কেন্দ্র, দ্রুত হাসপাতাল চালুর আহ্বান
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় স্বল্প আয়ের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রতি সংহতি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। একই সঙ্গে হাসপাতালটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আদ্-দ্বীন দীর্ঘদিন ধরে সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে মগবাজারস্থ আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তকে সংস্থাটি দুঃখজনক ও সুবিবেচনাপ্রসূত নয় বলে মনে করে।
চিঠিতে আরও বলা হয়, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত আদ্-দ্বীনের এই কঠিন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের পাশে রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে চলমান অচলাবস্থার অবসান ঘটিয়ে আইনসিদ্ধ উপায়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম দ্রুত পুনরায় চালুর আহ্বান জানানো হয়।
গণস্বাস্থ্য কেন্দ্র আশা প্রকাশ করে, আদ্-দ্বীন হাসপাতালের মাধ্যমে দরিদ্র মানুষের চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় থাকবে এবং মানবসেবার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার অটুট থাকবে।




