শিরোনাম

Space for ads

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট
Space for ads

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। 

সোমবার (১৫ জুন) আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে আবেদনটি দায়ের করেন। এতে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ নামক আইনের বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এই আইনে সরকার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে।


তিনি গণমাধ্যমকে বলেন, ১৯৮২ সালের যে অধ্যাদেশের অধীনে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে তা অবৈধ। এই আইনটি সামরিক ফরমানের মাধ্যমে প্রণীত হয়েছিল, যা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করেছেন।

ইউনুছ আলী বলেন, এই আইনে কোনো হাসপাতালের লাইসেন্স বাতিলের বিধান নেই। তিনি আরও যোগ করেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থী, কারণ অনেক মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেন।


এই আইনজীবী জানান, আগামী রোববার (২১ জুন) হাইকোর্টে এই আবেদনের ওপর শুনানি হবে।

গত মাসে যে হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, সেই আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স গত ১১ জুন বাতিল করা হয়।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) হাসপাতাল কর্তৃপক্ষকে নতুন কোনো রোগী ভর্তি না করার নির্দেশ দিয়েছে এবং পরামর্শ দিয়েছে যেন তারা বর্তমানে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করে অথবা চিকিৎসা শেষ হওয়ার পর তাদের ছাড়পত্র দিয়ে দেয়।
BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: