আদ্-দ্বীনের পাশে গণস্বাস্থ্য কেন্দ্র, দ্রুত হাসপাতাল চালুর দাবি
কার্যক্রম বন্ধ থাকায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাশ্রয়ী মূল্যে স্বল্প আয়ের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি ব্যাহত হচ্ছে। এ ঘটনায় হাসপাতালটির প্রতি সংহতি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। একই সঙ্গে দরিদ্র মানুষের চিকিৎসাসেবার ধারাবাহিকতা রক্ষায় রোগীবান্ধব এই হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অতিদ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (২১ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন শিরীন পারভিন হকের সই করা এক চিঠির মাধ্যমে এই সংহতি প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, আদ্-দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এই হাসপাতালের মাধ্যমে দীর্ঘদিন ধরে লাখ লাখ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছেন। সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই গণস্বাস্থ্য কেন্দ্র মনে করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা দানকারী প্রতিষ্ঠান আদ্-দ্বীন হাসপাতালের এই কঠিন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র পাশে আছে। সংশ্লিষ্ট সব মহল তাদের প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতা দিয়ে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়, সীমিত আয়ের মানুষের কথা বিবেচনা করে একটি রোগীবান্ধব হাসপাতাল হিসেবে আদ্-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আইনসিদ্ধভাবে অতিদ্রুত শুরু হওয়া প্রয়োজন। মানবসেবায় হাসপাতালটির অঙ্গীকার অটুট থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।




