শিরোনাম

Space for ads

আদ-দ্বীনের বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ জটিলতায় এনডিএফের উদ্বেগ

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

আদ-দ্বীনের বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ জটিলতায় এনডিএফের উদ্বেগ
Space for ads

আদ-দ্বীন মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সংক্রান্ত চলমান বিষয়াবলি ও সৃষ্ট জটিলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

বুধবার (২৪ জুন) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
 
এনডিএফের অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে এনডিএফ নেতারা বলেন, বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি মেডিকেল শিক্ষার্থীরা দেশের প্রচলিত আইন, বিধি-বিধান ও একাডেমিক নীতিমালা অনুসরণ করে তাদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে থাকেন। তাই তাদের ইন্টার্নশিপ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানবিক, একাডেমিক ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
তারা আরও উল্লেখ করেন, বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বিষয়ে দীর্ঘসূত্রতা বা অনিশ্চয়তা তাদের পেশাগত জীবন, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তির সঙ্গেও সম্পর্কিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসা শিক্ষা প্রদানের মাধ্যমে একটি ইতিবাচক অবস্থান তৈরি করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জিত এই সুনাম ধরে রাখতে বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পন্ন করার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
 
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি গ্রহণযোগ্য, ন্যায়সংগত ও টেকসই সমাধান নিশ্চিত করা প্রয়োজন, যেন বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও পেশাগত অগ্রগতি কোনোভাবেই ব্যাহত না হয়। দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং বেসরকারি মেডিকেল শিক্ষার সুনাম বজায় রাখতে এই সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান জরুরি বলে মনে করে সংগঠনটি।
BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: