বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে ৭.৫২ কোটি টাকার থিসিস গ্র্যান্ট
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণাকে উৎসাহিত করতে ৫৩৯ জন রেসিডেন্টকে মোট ৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার থিসিস গ্র্যান্ট প্রদান করেছে।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ গ্র্যান্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, থিসিস গ্র্যান্ট রেসিডেন্টদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরের গবেষণায় সম্পৃক্ত হতে সহায়তা করবে।
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, গ্র্যান্টের অর্থের পরিমাণ নয়, বরং তা সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণার মানোন্নয়নে অবদান রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে প্রত্যেক রেসিডেন্টকে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত থিসিস গ্র্যান্ট দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




