শিরোনাম

Space for ads

বিএমইউতে ৫৩৯ রেসিডেন্টকে সাড়ে ৭ কোটি টাকার থিসিস গ্র্যান্ট প্রদান

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন   |   ডেন্টাল কলেজ ও হাসপাতাল

বিএমইউতে ৫৩৯ রেসিডেন্টকে সাড়ে ৭ কোটি টাকার থিসিস গ্র্যান্ট প্রদান
Space for ads

বৃহস্পতিবার (২৫ জুন) চিকিৎসা শিক্ষা, সেবাসহ স্বাস্থ্য বিষয়ক গবেষণাকে উৎসাহিত করতে ৫৩৯ জন রেসিডেন্ট প্রশিক্ষণার্থীকে থিসিস গ্র্যান্ট প্রদান করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ থিসিস গ্র্যান্ট প্রদান করা হয়।

২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য মোট ৭ কোটি ৫২ লক্ষ ৪০ হাজার টাকার এই থিসিস গ্র্যান্টের আওতায় যোগ্যতা ও গবেষণার ধরন অনুযায়ী প্রত্যেক রেসিডেন্টকে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, এই থিসিস গ্র্যান্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রেসিডেন্টদেরকে গবেষণায় আরও বেশি উৎসাহিত করবে। এ ধরনের উদ্যোগ এখানে গবেষণার একটি ইতিবাচক উৎসাহ-উদ্দীপনার আবহ সৃষ্টি করবে, যা চিকিৎসকদের ভবিষ্যতে বড় পরিসরের সফল গবেষণায় যুক্ত হতে বিরাট অবদান রাখবে।

সভাপতির বক্তব্যে প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই থিসিস গ্র্যান্ট দেশ ও জাতির কল্যাণ বয়ে নিয়ে আসুক—সেটাই আমাদের মূল প্রত্যাশা। এবার বিএমইউর সব রেসিডেন্টকেই এই গ্র্যান্টের আওতায় আনা হয়েছে। এখানে কত টাকা দেওয়া হলো সেটা প্রধান বিষয় নয়, প্রধান বিষয় হলো প্রাপ্ত অনুদানকে সঠিকভাবে কাজে লাগিয়ে এদেশের চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

বিএমইউর উপ-রেজিস্ট্রার ও থিসিস গ্র্যান্ট কমিটির সদস্য সচিব ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ এবং ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো. মাসুদ রানা, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, উপ-রেজিস্ট্রার (আইন) সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবাল এবং উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আনিছ উর রহমান প্রমুখ।

BBS cable ad