শিরোনাম

Space for ads

ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে বিএমইউতে চিকিৎসকদের মানববন্ধন

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে বিএমইউতে চিকিৎসকদের মানববন্ধন
Space for ads

শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গ্রাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 

আজ রোববার ( ১৭ মে) সকালে বিএমইউর সি ব্লকে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চিকিৎকরা বলেন, আমরা রোগীদের চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠাতে চাই, আর আপনারা আমাদের পিটিয়ে হাসপাতালেই রাখতে চান। আমাদের সহকর্মীদের ওপর যদি এভাবে হামলা চলতে থাকে, তাহলে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে কীভাবে? অতীতেও আমরা এ ধরনের ঘটনায় বহু সহকর্মীকে হারিয়েছি। আমরা আর কোনো ভাই-বোনকে হারাতে চাই না, কোনো চিকিৎসকের ওপর আর কোনো ধরনের আঘাত দেখতে চাই না।

তারা আরও বলেন, চিকিৎসকরা কখনোই রাস্তায় নামতে চায় না। আমরা হাসপাতালের ভেতরে থেকেই রোগীদের সেবা দিতে চাই। এজন্য আমাদের নিরাপদ কর্মপরিবেশ এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। একজন চিকিৎসকের অসহায়ত্ব তখনই প্রকাশ পায়, যখন হাসপাতালে সঠিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জামের ব্যবস্থা থাকে না। এসব ঘাটতির দায় চিকিৎসকদের ওপর চাপানো একেবারেই অযৌক্তিক ও হাস্যকর।

তারা বলেন, দেশের প্রতিটি মহামারীতে চিকিৎসকরা জীবন বাজি রেখে সেবা দিয়েছেন। অথচ সেই চিকিৎসকদের ওপর যদি হত্যার উদ্দেশ্যে আঘাত আসে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এসব আর মেনে নেব না।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও কেন্দ্রীয় ড্যাবের সহ-দপ্তর সম্পাদক ডা. সফিক বলেন, ডা. নাসির ইসলামের ওপর হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

সংগঠনের সদস্য সচিব ডা. সাইদুজ্জামান উপল বলেন, দোষীদের ন্যূনতম ৭-১০ বছরের কারাদণ্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে সশস্ত্র আনসার মোতায়েন এবং আলাদা হেলথ পুলিশ ব্যবস্থা চালুর দাবি জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আল আমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তন্ময় ও ডা. মিসবাহসহ নিউরোসার্জারি বিভাগ এবং অন্যান্য বিভাগের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকরা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, ইএনটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তারা ডা. নাসির ইসলামের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।



BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: