শিরোনাম

Space for ads

ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে কর্মবিরতি

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে কর্মবিরতি
Space for ads
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর রোগীর স্বজনদের হামলার অভিযোগ উঠেছে। প্রতিবাদে হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ( ৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টা দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে,  রাত সাড়ে ১২টার দিকে এক শিশুরোগীকে নিয়ে কয়েকজন স্বজন হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এ সময় দায়িত্বে থাকা এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছেন।

আহত ইন্টার্ন চিকিৎসকরা হলেন তাসপিয়ানুল হক ও রেজা নিলয়। অন্যরা হলেন নগরের বালুচর এলাকার আবরার হোসেন ও জাহিদ; মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী এবং রোগীর আরেক স্বজন।

মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা বাইরে থেকে আরও লোকজন এনে ওই ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন। খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ছয়জন আহত হন। পরে তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জরুরি বিভাগে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রাকিন হান্নান জানান, আহত ইন্টার্ন চিকিৎসকের অবস্থা গুরুতর। অন্যজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া আহত রোগীর তিন স্বজনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালালে কিছু সময় উত্তেজনা বিরাজ করে। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে লাঠি ও স্টাম্প হাতে অবস্থান করতে দেখা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির গনমাধ্যমকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর রাত আড়াইটার দিকে পৃথক বিবৃতিতে হাসপাতালটির ইন্টার্ন ডক্টরস ফোরাম এবং সাধারণ শিক্ষার্থীরা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা শুধু একজন চিকিৎসকের ওপর আঘাত নয়, এটি পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রমের ওপর আঘাত। চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

ইন্টার্ন ডক্টরস ফোরাম হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

দাবি পূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত হাসপাতালের সব ধরনের কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে সংগঠনটি। একই দাবিতে ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন। তারা বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. উমর রশিদ মুনির মেডিভয়েসকে বলেন, ‘গত রাতের ঘটনায় এক ইন্টার্ন চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসব।’

BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: