বিএমইউতে বিএসসি নার্সিং শিক্ষার্থীদের ক্যাপিং সেরিমনি অনুষ্ঠিত
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর বিএসসি ইন নার্সিং ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের ক্যাপিং সেরিমনি এবং এমএসসি ইন নার্সিং ৪র্থ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, "নার্সরা হাসপাতালের প্রাণ। রোগীদের প্রতি আন্তরিকতা, মানবিকতা ও হাসিমুখে সেবার মাধ্যমে এই প্রাণস্পন্দন অটুট রাখতে হবে।" তিনি আরও বলেন, বিএমইউর নার্সরা দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দক্ষতা ও মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করবেন বলে তিনি আশা করেন।
নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কালাম এবং প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।
বক্তারা বলেন, নার্সিং একটি অত্যন্ত সম্মানজনক ও মানবিক পেশা। দক্ষ, আন্তরিক ও সময়োপযোগী সেবাই রোগীদের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বিএমইউতে নার্সিং শিক্ষা, নিয়োগ ও পেশাগত উন্নয়নে বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জাতীয় সংগীত, শপথ গ্রহণ, থিম সং পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




