শিরোনাম

Space for ads

গোপালগঞ্জ মেডিকেল কলেজে আবাসন সংকটে অনির্দিষ্টকালের একাডেমিক শাটডাউন

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

গোপালগঞ্জ মেডিকেল কলেজে আবাসন সংকটে অনির্দিষ্টকালের একাডেমিক শাটডাউন
Space for ads
রবিবার (৫ জুলাই) আবাসন সংকট, হোস্টেলের অব্যবস্থাপনা ও শিক্ষার উপযোগী পরিবেশের অভাবের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে চার শতাধিক শিক্ষার্থী হোস্টেল ছেড়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ছাত্রী হোস্টেলের ধারণক্ষমতা ২২০ জন হলেও বর্তমানে সেখানে প্রায় ৩৫০ জন অবস্থান করছেন। ফলে নবীন শিক্ষার্থীদের গণরুমে অস্বস্তিকর পরিবেশে থাকতে হচ্ছে। অনেক কক্ষে ২২ থেকে ২৩ জন শিক্ষার্থী অবস্থান করলেও পর্যাপ্ত ফ্যান নেই এবং অধিকাংশ ফ্যান নষ্ট। পাশাপাশি ওয়াশরুমের অস্বাস্থ্যকর পরিবেশ, নিরাপদ সুপেয় পানির সংকট এবং পাইপলাইনের ত্রুটির কারণে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের জন্য কলেজ প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পরে গত বৃহস্পতিবার থেকে একাডেমিক শাটডাউন কর্মসূচি শুরু করেন তারা। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে ৩০ জুন কলেজ প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে এক দিনের মধ্যে জরুরি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা ক্লাস ও ওয়ার্ড বর্জনের সিদ্ধান্ত নেন। তাদের দেওয়া স্বারকলিপিতে আগামী ১১ জুলাইয়ের মধ্যে সব সমস্যা সমাধান না হলে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দেওয়া হয়েছিল।

এ বিষয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ বলেন, এটি কোনো আনুষ্ঠানিক আন্দোলন নয়। চলমান সমস্যাগুলোর সমাধানে প্রশাসন কাজ করছে। হোস্টেলের পাইপলাইন ও ওয়াশরুমের ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নষ্ট ফ্যান পরিবর্তনের কাজও শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে অধিকাংশ সমস্যা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আবাসন সংকটের বিষয়ে তিনি জানান, ছাত্রীদের সংখ্যা আসনসংখ্যার তুলনায় বেশি হওয়ায় নতুন হোস্টেল নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি বিকল্প ভবন সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে দীর্ঘমেয়াদি সংস্কারকাজ বাস্তবায়ন করা হবে।
BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: