ডেঙ্গুতে আরও মৃত্যু ১
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি খুলনা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ জন রোগী। এই নিয়ে চলতি মাসের ১৮ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৯০৮ জনে। আর মৃত্যু হয়েছে ১৫ জনের। এ ছাড়া গত মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, খুলনায় ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ২৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।




