মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ঢাবিতে ‘আমি পারি’ কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত বিকাশকে কেন্দ্র করে সাপোর্ট ফর স্টুডেন্টস উইথ ডিজঅ্যাবিলিটিজ (ডিইউএসএসডি) এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান শোনোর যৌথ উদ্যোগে ‘আমি পারি’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ১০১৩ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ‘সবকিছুর আগে আমাদের বাঁচতে হবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোনোর প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিলিন আহমেদ। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং প্রয়োজনের সময় সহায়তা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের অধ্যাপক ও ডিইউএসএসডির ক্লাব মডারেটর ড. তাওহিদা জাহান। তিনি বলেন, সচেতন, ভারসাম্যপূর্ণ ও পরিপূর্ণ জীবনযাপনই ব্যক্তিগত সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি।
কর্মশালার মূল অধিবেশন পরিচালনা করেন শোনোর মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্য প্রশিক্ষক সালেহ সিদ্দিক। প্রায় এক দশকের পেশাগত অভিজ্ঞতার আলোকে তিনি অংশগ্রহণকারীদের আত্ম-পরিচয়, আত্মবিশ্বাস, আবেগ নিয়ন্ত্রণ, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব বিকাশ, মাইন্ডফুলনেস অনুশীলন এবং মানসিক স্থিতিস্থাপকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুটি আত্মমূল্যায়ন সম্পন্ন করেন। এর ফলাফলের ভিত্তিতে আগামী জুলাই ২০২৬-এ একটি পূর্ণদিবসব্যাপী ফলো-আপ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্যোক্তারা জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানসিক স্বাস্থ্য নিয়ে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে




