মাদারগঞ্জে স্বাস্থ্যকর্মীর ওপর হামলার নিন্দা, নিরাপত্তায় ৪ দফা দাবি এনডিএফের
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের (স্যাকমো) ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ ঘটনার নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ জুলাই রাতে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগী রমিছা বেগমের মৃত্যুর পর কর্তব্যরত স্বাস্থ্যকর্মী আসাদুজ্জামানের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। একজন রোগীর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক হলেও চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এনডিএফের নেতারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সীমিত জনবল ও সম্পদ নিয়ে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু কর্মস্থলে নিরাপত্তাহীনতা বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়ছে।
সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে— হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী ও সিসিটিভি স্থাপন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে কার্যকর ‘স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন এবং উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনমসহ জরুরি ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা।
এনডিএফের মতে, চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মান বজায় থাকলেই স্বাস্থ্যসেবার মান উন্নত হবে। তাই প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।




