রাজধানীতে ফ্ল্যাটে নার্সিং শিক্ষার্থীর অর্ধগলিত লাশ, স্বামীকে খুঁজছে পুলিশ
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পূর্ব কাজীপাড়ার কামারের গলির একটি সাততলা ভবনের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফ্ল্যাটের বাইরে থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে কাফরুল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
রাবেয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল মাস থেকে স্বামী আশিকুজ্জামানের সঙ্গে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন রাবেয়া। পারিবারিক অমতে বিয়ে করায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে স্বজনরা জানিয়েছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক তথ্যমতে ১৪ জুন রাতে আশিকুজ্জামান বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি ও অন্যান্য আলামত বিবেচনায় এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং নিখোঁজ স্বামীকে খুঁজে বের করতে তদন্ত চলছে।




