ঢাকায় শুরু ‘BD Intervention 2026’: হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্তের প্রত্যাশা
বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনস (BSCI) আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন “BD Intervention 2026” রাজধানীর Pan Pacific Sonargaon Dhaka-এ শুরু হয়েছে। দেশের শীর্ষ হৃদরোগ বিশেষজ্ঞদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কার্ডিওলজিস্টদের অংশগ্রহণে সম্মেলনটি ইতোমধ্যেই চিকিৎসা মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্মেলনের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে হৃদরোগ এখন অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নতমানের কার্ডিয়াক সেবা পৌঁছে দিতে কাজ করছে। বিশেষ করে নারী ও শিশুদের কার্ডিয়াক চিকিৎসা উন্নয়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার এ ধরনের উদ্যোগকে সবসময় সহায়তা দিয়ে যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, এই সম্মেলনের মাধ্যমে দেশের চিকিৎসকরা সর্বশেষ আন্তর্জাতিক গবেষণা ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন, যা দেশের কার্ডিয়াক কেয়ারের মান উন্নয়নে সহায়ক হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন জানান, তরুণ চিকিৎসকদের জন্য ট্রেনিং ভিলেজ ও ফেলোস কোর্স একটি যুগোপযোগী উদ্যোগ, যা ভবিষ্যৎ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
BSCI সভাপতি অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান বলেন, বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে দেশীয় চিকিৎসকদের সংযোগ স্থাপনই এ সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে থাকা ডাঃ আসাদুজ্জামান জানান, লাইভ কেস ট্রান্সমিশন, স্ট্রাকচারাল হার্ট সেশন এবং আন্তর্জাতিক ফ্যাকাল্টিদের লেকচার এবারের আয়োজনকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে।
সম্মেলনের প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে ঢাকা ও চীন থেকে লাইভ কেস ট্রান্সমিশন, চারটি মহাদেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণ, তরুণ চিকিৎসকদের জন্য হ্যান্ডস-অন ট্রেনিং ভিলেজ, এবং বিভিন্ন কার্ডিয়াক ইন্টারভেনশন বিষয়ক সেশন। এছাড়া রয়েছে ফেলোস কোর্স ও কেস প্রতিযোগিতা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১১০০-এর বেশি দেশি-বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞ এ মেগা ইভেন্টে অংশ নিচ্ছেন। তারা আশা করছেন, এই সম্মেলন দেশের হৃদরোগ চিকিৎসা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, ‘BD Intervention 2026’ সম্মেলন আগামী ২ মে পর্যন্ত চলবে।




