জুলাই গণ–অভ্যুত্থানে হামলা মামলায় গ্রেপ্তার স্বাচিপ নেতা ডা. সামির জামিনে মুক্ত
সোমবার (২৯ জুন) বগুড়ায় জুলাই গণ–অভ্যুত্থানে হামলা মামলায় গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু জামিনে কারামুক্ত হয়েছেন।
আজ সকালে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানজীম আল মিজবাহ জানান, গতকাল রোববার বগুড়া জেলা জজ আদালতে ডা. সামির হোসেনের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তার জামিন মঞ্জুর করেন।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলামও জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের মকটেল নামে একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে ডা. সামির হোসেনকে আটক করে পুলিশ। পরে তাকে বগুড়া সদর থানায় দায়ের হওয়া জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।




