শিরোনাম

Space for ads

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সারাদেশের ইন্টার্ন চিকিৎসকরা

 প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সারাদেশের ইন্টার্ন চিকিৎসকরা
Space for ads
রবিবার (৭ জুন) ছয় দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।

দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। সকল শিক্ষা ও সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন মেডিকেলের নবীন চিকিৎসকরা।

সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে ইন্টার্ন চিকিৎসকরা। পরে সকাল ১১টার দিকে কলেজ বিল্ডিংয়ের সামনে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন, ‘ছয় দফা দাবি আদায়ে সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আমরা আজকের এই আন্দোলনে অংশ নিয়েছি। আমরা কখনো ভাবিনি যে, নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের এভাবে আন্দোলনে নামতে হবে। চিকিৎসকদের জন্য প্রণীত বিদ্যমান কিছু নীতিমালা ও বিধিবিধান আমাদের অবমূল্যায়ন ও অপমানিত করছে।’

তারা বলেন, ‘আমাদের ছয় দফা দাবি বাস্তবায়িত হলে শুধু চিকিৎসকরাই উপকৃত হবেন না বরং দক্ষ ও মানসম্পন্ন চিকিৎসক তৈরির পথ সুগম হবে এবং রোগীরা আরও উন্নত ও নিরাপদ স্বাস্থ্যসেবা পাবেন। তাই আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, চিকিৎসক সমাজের ন্যায্য এই ছয় দফা দাবি অবিলম্বে মেনে নিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হোক।’

এদিকে একই দাবিতে সকাল ১১ টায় হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ( রামেকহা) ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও শিক্ষার্থীরা। 

এর আগে শনিবার (৬ জুন) বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশের প্রেক্ষিতে এবং চিকিৎসকদের প্রতি সংঘটিত বিভিন্ন অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে আজ সারাদেশের সকল ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। সমাবেশগুলোতে আমাদের ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে আমাদের ছয়টি দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও বাকি দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। ফলে আমরা হতাশ হয়েছি।’

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে জানানো হয়, রোববার (৭ জুন) থেকে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হলো এবং দেশের সকল মেডিকেল কলেজের প্রথম থেকে ৫ম বর্ষের শিক্ষার্থীদের প্রতিদিন সকাল ১১টার পর থেকে ক্লাস বর্জন ঘোষিত হলো। একইসঙ্গে সকল মিডলেভেল চিকিৎসককে আন্দোলনে শামিল হওয়ার অনুরোধ করা জানিয়েছে সংগঠনটি।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবি হলো—এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের নবম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো।

BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: