শিরোনাম

Space for ads

বিএমইউতে নিনমাসের রিসার্চ সেল ও আধুনিক গ্রন্থাগার উদ্বোধন

 প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

বিএমইউতে নিনমাসের  রিসার্চ সেল ও আধুনিক গ্রন্থাগার উদ্বোধন
Space for ads

গবেষণা কার্যক্রম ও রোগ নির্ণয় সেবাকে আরও গতিশীল করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) নতুন রিসার্চ সেল, আধুনিক গ্রন্থাগার এবং ‘নিউক্লিয়ার ক্যাফে’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিএমইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এসব স্থাপনার উদ্বোধন করা হয়। পরে নিনমাসের অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে প্রাক্তন ও বর্তমান অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মতবিনিময়, উদ্বোধনী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নিউক্লিয়ার মেডিসিন বর্তমানে রোগ নির্ণয়, গবেষণা ও আধুনিক চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ শাখা। এ খাতের গবেষণা ও সেবাকে আরও শক্তিশালী করতে নিনমাসে নতুন রিসার্চ সেল প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি গ্রন্থাগারকে আধুনিক ও ডিজিটাল সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক ‘নিউক্লিয়ার ক্যাফে’ চালু করা হয়েছে।

আয়োজকদের ভাষ্য, নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারীর নেতৃত্বে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে গবেষণা, জ্ঞানচর্চা ও রোগ নির্ণয় সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বাংলাদেশের নিউক্লিয়ার মেডিসিনের অন্যতম পথিকৃৎ অধ্যাপক ডা. এম. এ. করিমের অবদানকে স্মরণীয় করে রাখতে আধুনিকায়িত গ্রন্থাগারের নাম রাখা হয়েছে ‘ডা. এম. এ. করিম গ্রন্থাগার’। এ সময় নিনমাসের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. পাপড়ি মুৎসুদ্দী এবং অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

অনুষ্ঠানে নিনমাসের প্রাক্তন অধ্যাপক, চিকিৎসক ও বিজ্ঞানীরা প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করেন এবং নতুন রিসার্চ সেল, আধুনিক গ্রন্থাগার ও নিউক্লিয়ার ক্যাফে প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।

সমাপনী বক্তব্যে নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী বলেন, গবেষণা ও মানসম্মত রোগ নির্ণয় সেবার পরিধি আরও সম্প্রসারণের মাধ্যমে নিনমাসকে দেশের মানুষের জন্য একটি আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নবনির্মিত ‘নিউক্লিয়ার ক্যাফে’তে প্রীতিভোজে অংশ নেন।





BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: