মোংলায় ডেঙ্গুজ্বরে শিশুর মৃত্যু
মোংলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ইফা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার দুপুরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন জানান, রোববার সকালে নতুন করে আরও তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মোট সাতজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, গড়ে প্রতিদিন ৩ থেকে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন।




