ক্লিনিকে ঘুমন্ত মায়ের পাশ থেকে নবজাতক চুরি
খুলনা মহানগরীর পশ্চিম রূপসা এলাকার ড্যাপস হাসপাতাল থেকে ঘুমন্ত মায়ের পাশ থেকে চার দিনের নবজাতক চুরি হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক এক নারীকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ ও পিবিআই সদস্যরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাগেরহাটের মোংলা শহরের সিগন্যাল রোডের বাসিন্দা মির্জা সুজন ও ফারজানা আক্তার দম্পতির চার দিন আগে ওই হাসপাতালে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম হয়। সন্তানকে পাশে রেখে ঘুমাচ্ছিলেন মা ফারজানা আক্তার। এ সময় কে বা কারা শিশুটিকে নিয়ে যায়। ঘুম ভেঙে সন্তানকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা ফারজানা।
পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক নারী শিশুটিকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় সন্দেহজনক এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তার সম্পৃক্ততা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এদিকে, একই হাসপাতালে বাগেরহাটের রামপালের এক নারী ভর্তি ছিলেন। সিজারের মাধ্যমে তার চার কন্যাসন্তানের জন্ম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুত্রসন্তান না হওয়ায় তিনিই নবজাতক চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন—এমন ধারণা পুলিশের।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলানা সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। আশা করা যাচ্ছে দ্রুতই নবজাতক চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।




