সারা দেশে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর
নারায়ণগঞ্জে টিম খোরশেদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম থেকে শিক্ষা নিয়ে সারা দেশে কীভাবে এমন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন তার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
একইসঙ্গে চিকিৎসাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাকে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর এবং আগামীতে বিভাগীয় শহরগুলোতে ৭ থেকে ৮টি সুপারস্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
শুক্রবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ।
ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধনকালে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, ঢাকার সুপারস্পেশালাইজড হাসপাতালের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে নারায়ণগঞ্জের ক্ষেত্রে মেডিকেল কলেজের চেয়ে আগে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রয়োজন, যেখানে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো জরুরি স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হবে।




