শিরোনাম

Space for ads

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর নীতি ও সচেতনতার ওপর জোর বিএমইউতে

 প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন   |   স্পেশালাইজড হাসপাতাল

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর নীতি ও সচেতনতার ওপর জোর বিএমইউতে
Space for ads

শনিবার(১৬ মে) উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ উল্লেখ করে এটি নিয়ন্ত্রণে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, কার্যকর ওষুধ সরবরাহ, স্বাস্থ্য বাজেট বৃদ্ধি এবং বহুমুখী সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৬ উপলক্ষে আজ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ আয়োজিত ‘হাইপারটেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলা হয়। বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, দেশে প্রায় ২১ থেকে ২৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগলেও মাত্র ১৪ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দীর্ঘমেয়াদি কার্যকর ওষুধ ব্যবহারের পাশাপাশি দেশের ড্রাগ পলিসি আরও যুগোপযোগী করার ওপর জোর দেন।

তিনি বলেন, উচ্চ রক্তচাপ হৃদযন্ত্র, কিডনি, মস্তিষ্ক, রক্তনালী ও চোখসহ গুরুত্বপূর্ণ অঙ্গের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই কোন ওষুধ দীর্ঘসময় কার্যকর থাকে এবং আক্রান্ত অঙ্গগুলো সুরক্ষিত রাখে—তা বিবেচনায় নিয়েই নীতিমালা নির্ধারণ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ধীরে ধীরে রক্তনালীর স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে জটিলতা সৃষ্টি করে। তিনি নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান বর্জন এবং সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।

সেমিনারে জানানো হয়, বিশ্বজুড়ে ৩০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত, যাদের অর্ধেকেরও বেশি এখনো শনাক্ত হয়নি।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, বর্তমানে দেশে প্রায় আড়াই কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। তরুণদের মধ্যেও এ রোগ দ্রুত বাড়ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ গ্রহণ, মানসিক চাপ, শারীরিক নিষ্ক্রিয়তা ও তামাক ব্যবহার এ ঝুঁকি বাড়াচ্ছে।

সেমিনারে আরও বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউট-এর অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর ডিজিএম মোহাম্মদ রিয়াদ আরেফিন, ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ সামাদ মৃধা এবং হেলথ ইকোনমিক্স ইউনিটের মহাপরিচালক ডা. মো. এনামুল হক।

সেমিনারে ‘Hypertension Prevention in Bangladesh: Emerging Challenges and Future Direction’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আগামী ১৭ মে পালিত হবে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এবারের প্রতিপাদ্য— “একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ”।

BBS cable ad

স্পেশালাইজড হাসপাতাল এর আরও খবর: