বিএমইউতে ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে “ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এ সম্মেলনে তরুণদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, পুষ্টি ও যৌন-প্রজনন স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, দ্রুত নগরায়ন, জলবায়ু ঝুঁকি, সামাজিক বৈষম্য এবং অসংক্রামক রোগ কিশোর ও তরুণদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। একই সঙ্গে মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা, পুষ্টি, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও সহিংসতা থেকে সুরক্ষার বিষয়ে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে প্লেনারি সেশন, কুইজ, বিতর্ক, ওরাল ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে তরুণদের স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। সম্মেলনে ২০০-এর বেশি তরুণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ’র ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্সের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ ডা. মালালাই আহমাদজাইসহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) ও ইউনিভার্সাল হেলথ কভারেজ (UHC) অর্জনে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




