শিরোনাম

Space for ads

তরুণদের তামাক ব্যবহার ঠেকাতে কার্যকর দাম বৃদ্ধির দাবি

 প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন   |   অন্যান্য

তরুণদের তামাক ব্যবহার ঠেকাতে কার্যকর দাম বৃদ্ধির দাবি
Space for ads


বুধবার (২০ মে) তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করতে আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের কার্যকর মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছে স্বাধীনতা পদকপ্রাপ্ত ছাত্রসংগঠন সন্ধানী। 

সংগঠনটি নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে ১০ শলাকার প্যাকেটের দাম ১০০ টাকা এবং প্রতি প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের মূল্য যথাক্রমে ১৫০ ও ২০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

আজ জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত “তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করতে তামাকপণ্যের কার্যকর দাম বৃদ্ধি: সন্ধানীর বাজেট প্রস্তাবনা ২০২৬–২৭ অর্থবছর” শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এ আয়োজন করে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডা. হুমাইরা জামিল হিম, ডা. মুকাররাবিন-হক নিবিড়, জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন এবং অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। সভাপতিত্ব করেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ডা. সাদিকুর রহমান ইফাত।

বক্তারা জানান, বাংলাদেশে তামাক ব্যবহারের হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ, যা ৩৫.৩ শতাংশ। বর্তমানে দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের অকাল মৃত্যু হয়।

তারা বলেন, ২০২৪ সালে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা, অথচ স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের তুলনায় তামাকপণ্যের দাম কম বাড়ায় এগুলো এখন আরও সহজলভ্য হয়ে উঠেছে। বক্তাদের মতে, কার্যকর কর ও মূল্য সংস্কার বাস্তবায়ন হলে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং ৩ লাখ ৭২ হাজারের বেশি তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবে।

অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, বর্তমান চার স্তরবিশিষ্ট সিগারেট কর কাঠামো জটিল ও অকার্যকর হওয়ায় ব্যবহারকারীরা সহজেই কমদামি সিগারেটে চলে যেতে পারছেন। তাই কার্যকর কর সংস্কারের মাধ্যমে তামাকের সহজলভ্যতা কমানো জরুরি।
সভাপতির বক্তব্যে ডা. সাদিকুর রহমান ইফাত বলেন, তামাকপণ্যের দাম কার্যকরভাবে বৃদ্ধি করা গেলে লাখো তরুণ ধূমপান শুরু করা থেকে বিরত থাকবে এবং ভবিষ্যতে অসংক্রামক রোগ ও অকাল মৃত্যু কমানো সম্ভব হবে।




BBS cable ad

অন্যান্য এর আরও খবর: