আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা আজ থেকে শুরু
দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর অনুমোদন পেল রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে হাসপাতালের কার্যক্রম চালুর অনুমতি দেয়া হয়।
এ দিন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফেরত পাওয়ার ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সিসহ সবধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় চালু হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স ফিরে পাওয়ায় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকটিভিস্ট, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি, বিভিন্ন সময় আদ্-দ্বীনের পক্ষে সোচ্চার হয়ে সমর্থন জানানো সবাইকেও ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।




