শিরোনাম

Space for ads

ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন   |   মহামারি

ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু
Space for ads
 

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে আক্রান্তদের মধ্যে ৩০২ জনের মৃত্যু হলো। মৃত্যুর ৬৮ শতাংশই হয়েছে ৪০ বছরের কম বয়সীদের মধ্যে।

এক দিনে চলতি বছর এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এর আগে গত ২১ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল; তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, এর মধ্যে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছিল আগের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো তথ্যে জানানো হয়েছে, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ল্যাবএইড হাসপাতালে দুজন করে এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ভোলা ২৫০ শয্যা হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন করে মারা গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৯ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৭৪ হাজার ৯৯২ জন হাসপাতালে ভর্তি হলো। আক্রান্তের ৭৫ শতাংশের বয়স ৪০ বছরের নিচে।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ২০৩ জন। এর মধ্যে দুই হাজার ৬৩ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলা হাসপাতালে।
ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ১৪০ জন।

গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা মহানগরে ৪০৩ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ২১৯ জন, বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ৬৮ জন, রংপুর বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রোগীর তথ্য পাওয়া গেছে।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৩ জেলায়। আক্রান্ত ও মৃত্যু বেশি হয়েছে ঢাকা মহানগরে। গতকাল পর্যন্ত ২১ হাজার ৯২৩ জন আক্রান্ত ও ১৯৩ জনের মৃত্যু হয়েছে।

BBS cable ad