শিরোনাম

Space for ads

হামের টিকাদান ও চিকিৎসার অব্যবস্থাপনায় জড়িতদের শাস্তির দাবি

 প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন   |   রোগ

হামের টিকাদান ও চিকিৎসার অব্যবস্থাপনায় জড়িতদের শাস্তির দাবি
Space for ads

হামে শিশুমৃত্যুর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। সমাবেশে হাম আক্রান্তদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত এবং হামের টিকাদান ও চিকিৎসার অব্যবস্থাপনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে।

সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা। সমাবেশে বক্তৃতা করেন দলের নির্বাহী ফোরামের সদস্য জয়দীপ ভট্টাচার্য ও সীমা দত্ত।

সমাবেশে নেতারা বলেন, হামে এ পর্যন্ত ৪০৯ জন শিশু মারা গেছে এবং প্রায় অর্ধলক্ষাধিক শিশু আক্রান্ত হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানে ঘাটতি, ভিটামিন এ ক্যাম্পেইন যথাযথভাবে না হওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগাম সতর্কতা সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়ার কারণে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অথচ সরকার কোন স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেনি। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে যেসব পদক্ষেপ নেওয়ার কথা, তা-ও তারা নিচ্ছে না।
ফলে প্রতিদিনই বাবা-মায়ের কোল খালি হচ্ছে। নিম্নবিত্ত ও দরিদ্র মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়ছে।

নেতারা আরো বলেন, একদিকে পুষ্টিহীনতা, অন্যদিকে ভিটামিন-এ ক্যাম্পেইন না হওয়ায় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার জন্য উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
একইসঙ্গে প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপন করতে হবে। যথাযথভাবে টিকা প্রদান না হওয়া এবং হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পর উপযুক্ত পদক্ষেপ না হওয়ার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান তারা।

BBS cable ad