শিরোনাম

Space for ads

গাজীপুরে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে

 প্রকাশ: ০৪ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন   |   রোগ

গাজীপুরে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে
Space for ads
সোমবার (৪ মে) গাজীপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ঘটনা ঘটে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ।

আজ সকালে হাসপাতালটির পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ৯ মাস বয়সী ছেলে রাইয়ান এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ৫ মাস বয়সী ছেলে সিফাত। তারা রোববার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মৃত্যু হয়েছে দুই শিশুর। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। তবে ধারণক্ষমতার তুলনায় প্রায় তিনগুণ রোগী ভর্তি থাকায় বারান্দাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দিতে হচ্ছে।

এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও এনআইসিইউ সুবিধা নেই। বারান্দায় চিকিৎসা দেওয়ার কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

চিকিৎসকরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
BBS cable ad