হাম নিয়ন্ত্রণে ‘রিং ভ্যাকসিনেশন’ চালুর তাগিদ
দেশে হামের বিস্তার ঠেকাতে দ্রুত ‘রিং ভ্যাকসিনেশন’ কৌশল চালু, জাতীয় হটলাইন ও রিয়েল-টাইম ড্যাশবোর্ড তৈরির আহ্বান জানিয়েছেন ডা. তাসনিম জারা।
শুক্রবার (১৫ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা পরিবার, প্রতিবেশী ও সংশ্লিষ্টদের দ্রুত টিকার আওতায় আনলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি আরও বলেন, চরাঞ্চল, পাহাড়ি এলাকা ও বস্তিতে টিকার কম কভারেজের কারণে হামের ঝুঁকি বেশি। তাই উপসর্গ শনাক্তে জাতীয় কল সেন্টার চালু এবং নির্দিষ্ট হাম চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
চিকিৎসা ব্যয় সরকারিভাবে বহনের আহ্বান জানিয়ে ডা. জারা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সমন্বিত উদ্যোগ নিলে হাম পরিস্থিতি মোকাবিলা সম্ভব।




