উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের আহ্বান
বুধবার (১৩ মে) বাংলাদেশে শীর্ষ ১০ রোগের তালিকায় উচ্চ রক্তচাপ এখন এক নম্বরে অবস্থান করছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তারা বলেছেন, টেকসই অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তাই আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়েছে।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বিএমএ ভবনে “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। সভার আয়োজন করে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), সহযোগিতায় ছিল গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)।
বক্তারা জানান, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগে, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ।
ডব্লিউএইচও’র ২০২৫ সালের প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে হৃদরোগজনিত মৃত্যুর ৫২ শতাংশের জন্য উচ্চ রক্তচাপ দায়ী।
সভায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বরাদ্দের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম বলেন, তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুলসহ অনেকে।




