হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে তিন শিশু ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৮৯ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৯৭৯ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৩৫২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে ৯৪৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৯ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৯৪ জন।




