হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে: স্বাস্থ্য সচিব
দেশে চলমান হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে এবং জনগণের জানার স্বার্থে সঠিক তদন্ত প্রয়োজন।
শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ডা. মিল্টন হলে ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
স্বাস্থ্য সচিব বলেন, তদন্তে উঠে আসবে কেন এত শিশু মারা গেছে, কোথায় সমস্যা ছিল এবং কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলা ছিল কিনা। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকার হিসেবে জনগণের কাছে জবাবদিহি করতে সরকার প্রস্তুত।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও টিকা বিশেষজ্ঞরা অংশ নিয়ে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার ঘাটতি দূর করার ওপর গুরুত্বারোপ করেন।




