শিরোনাম

Space for ads

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

 প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন   |   চিকিৎসা

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
Space for ads
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশু দুটির বয়স ৬ মাস ও ১০ মাস। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

মঙ্গলবার (২৬ মে) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া ৬ মাস বয়সী শিশুটি গত ১৯ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে।

অন্যদিকে ১০ মাস বয়সী আরেক শিশু গত ২০ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামে।
 
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৬০৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৫০৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৬ শিশু। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৬২ শিশু।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হামের টিকা নেওয়া শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ কিছুটা কমে আসছে। ফলে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমছে। তবে শিশুদের সুরক্ষায় পরিবারের সদস্যদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
BBS cable ad