ওষুধ শিল্পে স্বনির্ভরতা অর্জনে ঢাবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সেমিনার
ওষুধ শিল্পে স্বনির্ভরতা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসী অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-অথরিটি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) ফার্মেসী লেকচার থিয়েটারে ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-রেগুলেটরি অথরিটি টুয়ার্ডস এক্সেলেন্স’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়ে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আসলাম হোসেন স্বাগত বক্তব্য দেন।
সেমিনারে জাইকার প্রধান উপদেষ্টা সায়েরি মুতো এবং মানব সম্পদ বিশেষজ্ঞ ড. ইতো মিকা প্রবন্ধ উপস্থাপন করেন।
ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের প্রভাষক মোকাদ্দাস ফ্লোরা অনন্ত এবং ওষুধ প্রযুক্তি বিভাগের প্রভাষক ফারিয়া নাসরিন সেমিনারের অনুষ্ঠান সঞ্চালন করেন।
সেমিনারে বক্তব্য দেন, এমিরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ওষুধ শিল্পের পক্ষ থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এবং ওষুধ শিল্প সমিতির সভাপতি মো: আব্দুল মুক্তাদির, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী এবং ওষুধ শিল্প সমিতির মহাসচিব মুহাম্মদ হালিমুজ্জামান, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী সহ-সভাপতি মাহবুবুল হাসান পল্লব, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক শামীম আলম খান, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং ও সেলস বিভাগের অতিরিক্ত পরিচালক বিনয় দাস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিংয়ের হেড অব প্রাইমারি কেয়ার মোহাম্মদ ইমরান হাসান ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক সুবোধ চন্দ্র দাস।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো: মাহবুবুল হক এবং বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যানগন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দেশের ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির শক্তিশালী অংশীদারিত্ব নিশ্চিতকরণ এবং যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক টিকা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। দেশের টাকা বাঁচাতে ওষুধের কাঁচামাল আমাদের দেশেই তৈরি করতে হবে। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় ঢাবি ফার্মেসী বিভাগের অ্যালামনাই মোহা. আলমগীর হোসেনকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।




