রক্তে কোলেস্টেরল কম থাকা কি শরীরের জন্য ভালো?
সাধারণত আমরা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত থাকি। কিন্তু ল্যাব রিপোর্টে যদি কোলেস্টেরলের মাত্রা কম (হাইপোকোলেস্টেরোলেমিয়া) দেখা যায়, তবে সেটি কি ভয়ের কারণ? হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ ক্ষেত্রে এটি কোনো ক্ষতির কারণ নয়, বরং ভালো লক্ষণ।
তবে কোনো কারণ ছাড়াই হুট করে মাত্রা কমে গেলে সতর্ক হওয়া প্রয়োজন।
হাইপোকোলেস্টেরোলেমিয়া আসলে কী?
রক্ত পরীক্ষায় যখন মোট কোলেস্টেরল বা এলডিএল (খারাপ কোলেস্টেরল)-এর মাত্রা স্বাভাবিকের চেয়ে কম পাওয়া যায়, তখন তাকে হাইপোকোলেস্টেরোলেমিয়া বলে। এটি কোনো নির্দিষ্ট রোগ নয়, বরং শরীরের একটি বিশেষ অবস্থা যা নিয়মিত রক্ত পরীক্ষায় ধরা পড়ে।
কম কোলেস্টেরল কি সব সময় ভালো?
বিশেষজ্ঞদের মতে, ভালো কোলেস্টেরল শরীরের জন্য প্রয়োজন, তাই এটি খুব কমে যাওয়া ঠিক নয়।
তবে খারাপ কোলেস্টেরল কম থাকা হৃদরোগের ঝুঁকি কমায়। যদি ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার বা ওষুধের কারণে এটি কমে, তবে চিন্তার কিছু নেই। কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ কমে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কেন কমে যেতে পারে কোলেস্টেরল?
কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ার পেছনে কিছু শারীরিক সমস্যা থাকতে পারে:
১।
লিভার বা থাইরয়েডের সমস্যা: লিভারের রোগ বা হাইপারথাইরয়েডিজমের কারণে এমন হতে পারে।
২। হজম ও পুষ্টির অভাব: শরীর ঠিকমতো পুষ্টি শোষণ করতে না পারলে বা চরম অপুষ্টির শিকার হলে।
৩। দীর্ঘস্থায়ী রোগ: শরীরের ভেতরে কোনো দীর্ঘমেয়াদী ইনফেকশন বা প্রদাহ থাকলে।
৪। ওষুধের প্রভাব: কোলেস্টেরল কমানোর ওষুধের প্রভাবেও এমন হতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
অধিকাংশ মানুষের ক্ষেত্রে কম কোলেস্টেরলের কোনো উপসর্গ থাকে না। তবে যদি এর পাশাপাশি নিচের সমস্যাগুলো দেখা দেয়, তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন:
১. ব্যাখ্যাতীতভাবে শরীরের ওজন কমে যাওয়া।
২. অতিরিক্ত ক্লান্তি অনুভব করা।
৩. হজমে বড় ধরনের সমস্যা হওয়া।
৪. কোনো ওষুধ ছাড়াই হঠাৎ কোলেস্টেরলের মাত্রা অনেক কমে যাওয়া।
সুস্থ হার্টের জন্য নিয়মিত কোলেস্টেরল পরীক্ষা করা জরুরি। মাত্রা কম থাকা সাধারণত ভালো, কিন্তু আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে একমাত্র চিকিৎসকই বলতে পারবেন আপনার আরও কোনো পরীক্ষার প্রয়োজন আছে কি না।
সূত্র : ব্যানার হেলথ




