অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা দেশের ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
জানা গেছে, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় নির্মিত আধুনিক শিশু হাসপাতালগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। এ বিষয়ে প্রকাশিত সংবাদ প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী আগামী ২ জুনের মধ্যে হাসপাতালগুলো চালুর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু এবং শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত কার্যক্রম শুরুর নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে নীলফামারীতে ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য সচিব জানান, উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে।




