হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, মিলছে না ফার্মেসিতেও
জলাতঙ্ক নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়। কুকুর, বিড়াল বা অন্য অনেক প্রাণীর কামড়ের শিকার হলে আক্রান্ত ব্যক্তির জন্য একমাত্র নিরাপদ উপায় ভ্যাকসিনগ্রহণ। অথচ সেই জীবনরক্ষাকারী ভ্যাকসিনই এখন মিলছে না ঝিনাইদহের সরকারি হাসপাতালে। এমনকি ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে এই ভ্যাকসিন।
এতে আতঙ্ক বিরাজ করছে জেলার বাসিন্দাদের মধ্যে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদর হাসপাতাল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রায় সবখানেই একই চিত্র। হাসপাতালের জরুরি বিভাগে কুকুর-বিড়ালে কামড়ানো রোগী এসে শুনছেন ভ্যাকসিন নেই। অনেক ক্ষেত্রে চিকিৎসকরা বাইরে থেকে তা কিনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
কিন্তু জেলার ছয়টি উপজেলার কোনো ফার্মেসিতে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
ভুক্তভোগীরা জানান, চিকিৎসকরা আক্রমণের তারিখ উল্লেখ করে বিভিন্ন ওষুধ কম্পানির ভ্যাকসিনের নাম লিখে ফার্মেসি থেকে কেনার পরামর্শ দিচ্ছেন। রোগী ও তাদের স্বজেনরা জীবন রক্ষায় ভ্যাকসিনের জন্য ছুটাছুটি করছেন। তবে ফার্মেসিতেও তা পাওয়া যাচ্ছে না।




