শিরোনাম

Space for ads

প্রথম দিনে টাইফয়েডের টিকা নিল ১০ লাখের বেশি শিশু

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন   |   চিকিৎসা

প্রথম দিনে টাইফয়েডের টিকা নিল ১০ লাখের বেশি শিশু
Space for ads

সারা দেশে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল রবিবার টিকা কার্যক্রমের প্রথম দিন টিকা নিয়েছে প্রায় ১০ লাখের বেশি শিশু। এর মধ্যে সাত লাখ নিবন্ধিত ও তিন লাখ অনিবন্ধিত। স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ইপিআই) ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন।

ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ বলেন, টাইফয়েড কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনা মূল্যে টিকা দেওয়া হবে। সব মিলিয়ে ১৮ কর্মদিবস টিকাদান কর্মসূচি চলবে। প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে এবং পরের আট কর্মদিবস টিকাদান কেন্দ্রে দেওয়া হবে এই টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক আরো বলেন, ‘নিবন্ধন ছাড়া যারা টিকা নিয়েছে, তাদের তথ্য রাতের মধ্যে সিস্টেমে হালনাগাদ করা হবে।
আমাদের ধারণা, প্রথম দিনেই ১০ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।’

এর আগে গতকাল সকালে ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, ‘টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব। এই কর্মসূচির মাধ্যমে আমরা যদি প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দিতে পারি, তাহলে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা কার্যত বন্ধ করা সম্ভব হবে।
এ উদ্যোগ আমাদের জনস্বাস্থ্যব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।’

নূরজাহান বেগম বলেন, ‘আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য রোগ প্রতিরোধ। যত বেশি মানুষ, বিশেষ করে শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে, ততই হাসপাতালে ভিড় ও চাপ কমবে।’

অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, দীর্ঘদিন ধরে টাইফয়েড একটি নীরব বিপদ হিসেবে থেকে গেছে, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য। এবার সরকারের এই উদ্যোগ সেই দুর্বল জায়গায় বড় পরিবর্তন আনবে।

BBS cable ad