শিরোনাম

Space for ads

টঙ্গীতে দ্বগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসা শুরু করেছেন ডা. জাচক

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন   |   চিকিৎসা

Space for ads

টঙ্গীর কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডে দ্বগ্ধ হয়ে জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য সিঙ্গাপুর থেকে ডা. এসআই জাচক নামে এক চিকিৎসক বাংলাদেশে এসেছেন। তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন ছিলেন ডা. এসআই জাচক।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ডা. এসআই জাচক সিঙ্গাপুর থেকে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে যান। রাত সাড়ে ১১টায় তিনি হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সঙ্গে একটি সভা করেন এবং আহতদের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।

ফায়ার সার্ভিস জানায়, সভার আগে তিনি হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে দেখা করে মতবিনিময় করেন।
এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টায় টঙ্গী বিসিকের রেল স্টেশন রোডের পাশে সাহারা মার্কেট টিনশেড সেমিপাকা ভবনে অবস্থিত ফেমাস কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৫৩ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে করে।
এসময় প্রতিষ্ঠানটিতে থাকা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৪ জন ও স্থানীয় একজনসহ ৫ জন অগ্নিদ্বগ্ধসহ ৮ জন আহত হন। এর মধ্যে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান।

আগুনের ঘটনায় অন্য দ্বগ্ধরা হলেন- ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাঈম (৪৩) ৪২%, মো. নুরুল হুদা (৪৫) ১০০%, ও মো. জয় হাসান (২৫) ৫% ও দোকান কর্মচারী বাবু হাওলাদার (২০), ৮০ % দ্বগ্ধ হয়েছেন। এদিকে, আহত হয়ে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম (৪২), পথচারী আশিক (১৭) ও গোডাউন কর্মচারী লিটন (৪০)।

BBS cable ad