ঢাকায় ২২ মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে গ্রেপ্তারের ঘটনায় ড. আবু জাফর সাদেকের গভীর উদ্বেগ জানান
রাজধানী ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে ২২ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে (ফার্মা রিপ্রেজেন্টেটিভ) গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের সাবেক পরামর্শক ও বিশিষ্ট ফার্মাসিস্ট ড. মো: আবু জাফর সাদেক।
তিনি এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে এই পেশাজীবীরা যখন তাদের অর্পিত দায়িত্ব পালন করছেন, তখন এ ধরনের আটক হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি পেশাদার কর্মপরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ড. আবু জাফর সাদেক সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং ফার্মাসিউটিক্যাল খাতের পেশাজীবীদের নিরাপত্তা ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন।"
তিনি আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং ভবিষ্যতে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যা পেশাদারদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।




